আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। তবে পিসিবি সাফ জানিয়ে দিয়েছে, তারা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের এই ম্যাচটি বয়কট করবে। প্রতিপক্ষ মাঠে না নামার ঘোষণা দিলেও, আইসিসির নিয়ম অনুযায়ী ভারত দলের বসে থাকার কোনো সুযোগ নেই। পূর্ণ ২ পয়েন্ট পেতে হলে তাদের নির্ধারিত সূচি মেনেই শ্রীলঙ্কায় অবস্থান করতে হবে।
পাকিস্তান ম্যাচটি বয়কট করলেও ভারতকে আইসিসির পূর্ণ প্রটোকল মেনে চলতে হবে। অর্থাৎ, রোহিত শর্মার দলকে কলম্বোয় যেতে হবে, নির্ধারিত সময়ে অনুশীলন করতে হবে এবং ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনেও অংশ নিতে হবে। এমনকি ম্যাচের দিন নির্দিষ্ট সময়ে স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে ভারতীয় দলকে।
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষ দল (পাকিস্তান) মাঠে উপস্থিত না হলে ম্যাচ রেফারি আনুষ্ঠানিকভাবে ম্যাচটি বাতিল ঘোষণা করবেন এবং উপস্থিত দলকে (ভারত) বিজয়ী ঘোষণা করবেন।
বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছে, ‘টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা সফর করবে এবং আইসিসির সব প্রটোকল অনুসরণ করবে। তারা সূচি অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করে মাঠে উপস্থিত থাকবে এবং ম্যাচ রেফারি ম্যাচটি বাতিলের ঘোষণা দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে।’
পাকিস্তান ম্যাচটি না খেললে ভারত ওয়াকওভার হিসেবে পূর্ণ ২ পয়েন্ট পাবে। কিন্তু ভারত যদি এই ভেবে মাঠে না যায় যে খেলা হবে না, তবে দুই দলকে ১টি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। তাই ২ পয়েন্ট নিশ্চিত করতে ভারতকে মাঠে যেতেই হবে। অন্যদিকে, ম্যাচ বয়কট করায় পাকিস্তানের নেট রানরেটে বড় নেতিবাচক প্রভাব পড়বে, তবে ভারতের রানরেট অপরিবর্তিত থাকবে।
গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও, টুর্নামেন্টের নকআউট পর্বে যদি ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়, সেক্ষেত্রে পিসিবির অবস্থান কী হবে তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তান সরকার বা ক্রিকেট বোর্ড এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। এদিকে বিসিসিআই বা আইসিসিও এই অচলাবস্থা নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।