খুলনার মৃত শিল্পনগরী জীবিত এবং যুবকদের জন্য আইটি পার্ক হবে: তারেক রহমান
Date: 2026-02-04
বিএনপি সরকার গঠন করলে খুলনার বন্ধ মিল কল-কারখানা চালুর ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, খুলনা সাতক্ষীরা ছিল একসময় শিল্প নগরী। কিন্তু আমরা দেখছি, গ্যাস ও বিভিন্ন কারণে আজ শিল্পনগরী মৃত নগরীতে পরিণত হয়েছে। আমরা চাই, বিএনপি সরকার গঠন করলে এখানে আবার জীবিত শিল্পনগরীতে পরিণত করতে চাই। যাতে করে সেসব শিল্পে শুধু পুরুষরা না নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সেভাবেই আমরা এই অঞ্চলের শিল্প নগরীকে গড়ে তুলতে চাই। যুবকদের জন্য আইটি পার্কও হবে এই খুলনায়।
আজ সোমবার খুলনার প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।
খুলনায় আইটি পার্কের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, তরুণ যুব সমাজের সদস্য; বিশেষ করে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্কসহ আরও ফ্যাসিলিটি গড়ে তুলতে চাই। যার মাধ্যমে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
বেলা ১১টা ১৫ মিনিটে জনসভা শুরু হয়। সাড়ে ১২টার দিকে হেলিকাপ্টারে করে খুলনা আসেন তারেক রহমান। এর আগেই জনসভার মাঠ ও আশপাশের সড়কে অবস্থান নেতাকর্মীরা। দীর্ঘ ২২ বছর পরে তারেক রহমানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই।
নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ডের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমরা যেহেতু বিশ্বাস করি, এই বিপুল জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব না, সেজন্যই আমরা বলেছি, বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণী মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা একইভাবে কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। এই কার্ডের মাধ্যমে ঋণ পেতে সুবিধা হবে, প্রয়োজনে কীটনাশক, বীজ, সার পৌঁছে দেব। একইসঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেসব কৃষক ভাইদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, আমরা সুদসহ তা মওকুফ করবো।
নির্বাচন নিয়ে সতর্ক থাকতে হবে
একটি মহল বলার চেষ্টা করছে, ভোট গণনা করতে এবার অনেক সময় লাগবে। ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে। যারা সকাল-বিকেল মিথ্যা বলছে, নারীদের হেয় করছে, তারা বিভিন্ন ছলছাতুরির চেষ্টা করছে। ভোট নিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।
জামায়াতের সমালোচনা
জনসভায় প্রায় ২৭ মিনিটের বক্তব্যে জামায়াতের সমালোচনা করেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা দেখছি, একটি রাজনৈতিক দল বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে কীভাবে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায়। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন-তারা নারী নেতৃত্বে বিশ্বাস করে না। ওই রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কীভাবে অসম্মানিত করেছে।’
তিনি বলেন, ‘আমাদের নবী করীম সাল্লাল্লাহু সালামের স্ত্রী বিবি খাদিজা (রা.)। তিনিও ছিলেন কর্মমুখী নারী। তিনি ছিলেন একজন নারী ব্যবসায়ী। আজকে যাদের নেতা বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছু সঙ্গে তুলনা করেছেন; তারা নাকি ইসলাম কায়েম করবে। যারা বিশেষজ্ঞের মতামতের পরেও মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক দেশদরদী, জনদরদি হতে পারে না। এদের দরদ শুধু নিজেদের লক্ষ্যের জন্য, তাদের উদ্দেশ্যের জন্য।’
জামায়াত আমির শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডলে প্রকাশিত একটি পোস্টে নারীদের বিষয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে দুইদিন আগে বলেছেন, যেসব নারী, যেসব মা-বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে যান, তাদেরকে এমন একটি শব্দ ব্যবহার করেছেন-যা কলঙ্কস্বরূপ। এই কথা বলার পরে যখন তীব্র সমালোচনা শুরু হলো, তখন তারা বলছে, আমাদের আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কার ভাষায় বলেছেন আইডি এভাবে হ্যাক হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে। দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে। আইডি হ্যাক হয়নি। এরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মানুষের কাছে মিথ্যা কথা তুলে ধরছে। এদের পরিচয় এরা মিথ্যাবাদী।’
খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সংসদ সদস্য প্রার্থী আলী আজগর লবী, আমীর এজাজ খান, মনিরুল হাসান বাপ্পী, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ।

