সীমিত পরিসরে চালু হলো গাজার ‘লাইফলাইন’ রাফাহ ক্রসিং

Date: 2026-02-04
news-banner

গাজার গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিং সোমবার ফিলিস্তিনিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুরুর দিকে প্রতিদিন উভয় দিক থেকে মাত্র ৫০ জন করে যাতায়াতের অনুমতি পাবেন।

মিশরের সঙ্গে সংযুক্ত এই ক্রসিং গাজার বাসিন্দাদের জন্য বহির্বিশ্বে একমাত্র প্রবেশদ্বার। কেবল এই ক্রসিংটিই ইসরায়েলের সঙ্গে যুক্ত নয়। হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী এই ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে পথটি মূলত বন্ধ ছিল।

গত কয়েক মাস ধরে ত্রাণ সরবরাহকারী সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ক্রসিংটি খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সোমবার ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সহায়তা মিশনের (ইইউবিএএম) প্রতিনিধিদের উপস্থিতিতে এটি গাজার বাসিন্দাদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে।

সূত্রের বরাত দিয়ে মিশরের আল-কাহেরা নিউজ জানিয়েছে, কার্যক্রমের শুরুর দিনগুলোতে ৫০ জন মিশর থেকে গাজায় এবং ৫০ জন গাজা থেকে মিশরে যেতে পারবেন। আর ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ জানিয়েছে, ক্রসিংটি প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা খোলা থাকবে।

যুদ্ধে পা হারানো ফিলিস্তিনি মোহাম্মদ নাসির বলেন, রাফাহ ক্রসিং একটি লাইফলাইন। তাঁর একটি অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু সেটি গাজায় সম্ভব নয়। আশা করছেন এখন বিদেশে অস্ত্রোপচার করতে পারবেন।

advertisement image

Leave Your Comments

Trending News