এবার আদালতের দ্বারস্থ আর মাধবন

Date: 2025-12-25
news-banner

ব্যক্তিগত অধিকার রক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হওয়া বলিউড তারকাদের তালিকা ক্রমেই যেন দীর্ঘ হচ্ছে। সালমান খান, হৃতিক রোশন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চনের পর এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা আর মাধবন।

সোমবার নিজের ব্যক্তি অধিকার সুরক্ষার আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে অনুমতি ছাড়াই মাধবনের ছবি ও ভিডিও ব্যবহারের বিরুদ্ধে এবার পদক্ষেপ নিয়েছেন আদালত।

দিল্লি হাইকোর্টের নির্দেশে অভিনেতার ছবি ও ভিডিও ব্যবহারকারী একাধিক ওয়েবসাইটকে অবিলম্বে সেসব কনটেন্ট সরিয়ে ফেলতে বলা হয়েছে।

সূত্রের খবর, সম্প্রতি ডিপফেকের শিকার হয়েছিলেন মাধবন। অভিনেতার নাম ও ছবি ব্যবহার করে তৈরি করা হয়েছিল একাধিক ভুয়া বিজ্ঞাপন। এমনকি তাঁর ছবি ব্যবহার করে ‘কেশরী ৩’ ও ‘শয়তান ২’ ছবির ভুয়া ট্রেলারও ছড়ানো হয় বলে অভিযোগ।

 

অভিনেতার আইনজীবীর তরফে জানানো হয়েছে, এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন মাধবন।

এই পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হন অভিনেতা। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি ভুয়া কনটেন্ট আপাতত সরানো গেলেও ভবিষ্যতে ফের এমন ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আগামী ২০২৬ সালের মে মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গ্ল্যামার দুনিয়ার বহু তারকাই আজকাল ডিপফেকের শিকার হচ্ছেন—অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনও সেই তালিকার বাইরে নন। তাদের ছবি ও ভিডিও ব্যবহার করে বিভিন্ন যৌনতা সংক্রান্ত কনটেন্ট ছড়ানো হচ্ছে, যার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারকাদের ভাবমূর্তি। ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতেই আইনি পথ বেছে নিয়েছেন অভিনেতারা।

Leave Your Comments

Trending News