গত অক্টোবর মাসে গোপনে বাগদান সেরেছেন দক্ষিণী তারকাজুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। বর্তমানে তাদের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে। শুরুতে খবর ছড়িয়েছিল, ২ ফেব্রুয়ারি চারহাত এক হচ্ছে তারকাজুটির। পরে রাশমিকার ঘনিষ্ঠ সূত্র তা ভুয়া খবর বলে জানায়। এবার শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ে হতে পারে তাদের। সঙ্গে প্রকাশ্যে এসেছে বিয়ের আয়োজনের সম্ভাব্য স্থান নিয়েও নতুন তথ্য।
আনন্দবাজারসহ ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, শুরুতে শোনা গিয়েছিল উদয়পুরে বসতে যাচ্ছে তাদের বিয়ের আসর। কিন্তু পরে নাকি ভেন্যু পরিবর্তন কেরা হয়েছে। রাজস্থানের পিচোলা হ্রদের ধারে অবস্থিত ৪০০ বছরের পুরোনো একটি প্রাসাদেই নাকি বসবে রাশমিকা ও বিজয়ের বিয়ের অনুষ্ঠান।
পাহাড়ের ওপর অবস্থিত এই ‘সিটি প্যালেস’ রাজস্থানের সবচেয়ে বড় প্রাসাদ হিসেবে পরিচিত। রাজপুত ইতিহাস ও নান্দনিক স্থাপত্যের জন্য বিখ্যাত এই প্রাসাদ থেকে দেখা যায় বিস্তৃত পিচোলা হ্রদ। রাজকীয় বিয়ের আয়োজনের জন্য জায়গাটি বেশ জনপ্রিয়। রাশমিকা-বিজয়ের বিয়ের প্রস্তুতি নাকি পুরোদমে চলছে।
তবে বিয়ে নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন তারকাজুটি। বাগদানের বিষয়টিও তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। বিয়েতে সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের এড়িয়ে চলার পরিকল্পনাও রয়েছে তাদের।
জানা গেছে, অনুষ্ঠানে কেবল ঘনিষ্ঠ পরিজনেরাই উপস্থিত থাকবেন। বিয়ের কয়েক দিন পর হায়দরাবাদে প্রীতিভোজের আয়োজন করতে পারেন তারা। সেখানে বিনোদনজগতের বহু তারকাকে আমন্ত্রণ জানানো হতে পারে।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথম দেখা হয় বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার। এরপর ‘ডিয়ার কমরেড’ ছবিতে একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে। গত ৩ অক্টোবর তারা বাগ্দান সেরেছেন বলেও দাবি করা হয়।