জুলাইয়ের গণঅভ্যুত্থান থেকে নির্বাচন-পূর্ব সময় পর্যন্ত ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক যাত্রাপথের পর্যালোচনা করে সাউথ এরা নেটওয়ার্কের ডকুমেন্টারি সিরিজ ‘বিটুইন টু ফিউচার্স’ এর চতুর্থ পর্ব প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাউথ এরা নেটওয়ার্ক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ডকুমেন্টারি বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক চেতনায় সম্ভাব্য পরিবর্তনের এক সময়োপযোগী বিশ্লেষণ। এই পর্বে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পরবর্তী পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের গঠন এবং আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিবরণ তুলে ধরা হয়েছে। পর্বটি শুরু হয় অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা অনুসরণ করার মাধ্যমে, যেখানে একটি রূপান্তরকালীন দেশকে স্থিতিশীল করার সংগ্রাম তুলে ধরা হয়েছে। ২০২৪ সালের গ্রীষ্মে ১৪ শতাংশ খাদ্য মূল্যস্ফীতি মোকাবিলা করা থেকে শুরু করে ২০২৫ সালের শেষে তা ৭-৮ শতাংশে নামিয়ে আনার প্রচেষ্টার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
এতে আরও দেখানো হয়েছে, কীভাবে শেখ হাসিনার শাসনামলে বড় বড় চুক্তিকে উন্নয়ন হিসেবে উপস্থাপন করা হলেও প্রকৃত ব্যয় আড়ালেই রয়ে গেছে। ১৫ বছরের শাসনে বাংলাদেশকে ভারতের ওপর প্রয়োজনের তুলনায় বেশি নির্ভরশীল করে তোলা হয়েছে। এছাড়া এস আলম গ্রুপের বিষয়েও গভীর অনুসন্ধান রয়েছে এই পর্বে। পাশাপাশি পরবর্তী সরকার কি দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে- তা নিয়েও রয়েছে বিশ্লেষণ।