আজ থেকে ২১ ঘণ্টা গ্যাসের তীব্র সংকট থাকবে

Date: 2026-02-05
news-banner

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বড় একটি অংশে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার টানা ২১ ঘণ্টা গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে। শীতলক্ষ্যা নদীর তলদেশ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন মেরামত ও আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য এ পরিস্থিতির সৃষ্টি হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা পর্যন্ত ২১ ঘণ্টা শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের বিশাল এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হবে। শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সময়ের মধ্যে সমগ্র নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটী, মুক্তারপুর, মুন্সীগঞ্জ সদর, জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকায় সব শ্রেণির গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) জন্য গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। এ ছাড়া উল্লিখিত এলাকার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আদমজী ইপিজেডের ভেতর থাকা ২০ ইঞ্চি ব্যাসের একটি গুরুত্বপূর্ণ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে শীতলক্ষ্যা নদী অতিক্রমণকারী পাইপলাইনটি প্রতিস্থাপনের কাজ জরুরি হয়ে পড়েছে। গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতেই এই সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে।

advertisement image

Leave Your Comments

Trending News