প্রেম-হাহাকারের গল্পে ‘টিফিন বক্স’, চমকের সঙ্গে প্রান্তর

Date: 2026-02-06
news-banner

ওটিটি প্ল্যাটফর্মে এবার জুটি হিসেবে দেখা মিলতে যাচ্ছেন সময়ের আলোচিত দুই অভিনেতা-অভিনেত্রী প্রান্তর দস্তিদার ও রুকাইয়া জাহান চমককে। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এ জুটিকে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘টিফিন বক্স’।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নাটকটি নির্মাণ করেছেন রাকায়েত রাব্বি। একই সঙ্গে এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এই নির্মাতা নিজে। প্রান্তর-চমক জুটি ছাড়াও ‘টিফিন বক্স’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শারমিন সুলতানা শর্মী, টুনটুনি সোবহান প্রমুখ।

ওটিটির এই আয়োজন নিয়ে অভিনেতা প্রান্তর দস্তিতার জানান, ‘টিফিন বক্স’-এ তাঁকে দেখা যাবে একজন দক্ষ রন্ধনশিল্পী হিসেবে। যে রান্না করতে এবং মানুষকে খাওয়াতে ভালোবাসে। মূলত এটি ভালোবাসার গল্প, তবে সেই ভালোবাসার ধরন অন্য সব গল্প থেকে খানিকটা আলাদা। গল্পের পাশাপাশি যে চরিত্রটি তিনি পর্দায় তুলে ধরছেন, তা অভিনয় ক্যারিয়ারে একেবারে আনকোরা।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও জানান, তার অভিনয় ক্যারিয়ারে এ ধরনের গল্প ও চরিত্রে প্রথম কাজ করা। তিনি বলেন, ‘এই কাহিনিতে আমার চরিত্র মিতু নামের উচ্ছল এক তরুণীর, যে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে। কারও সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়াতে চায় না। এমনকি কোনো পিছুটান রাখতে চায় না সে। তারপরও বাস্তবতা তাকে ভিন্ন পথে হাঁটতে বাধ্য করে। যা প্রমাণ করে, সৃষ্টিকর্তা এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন, যাদের প্রেমে না পড়ে থাকা যায় না।’

666000_1770300332.jpg

নির্মাতা রাকায়েত রাব্বি বলেন, ‘খাবার বা টিফিন বক্সের মাধ্যমে প্রেমের গল্প বলাটা খুব নতুন কিছু নয়, কিন্তু বাঙালি সংস্কৃতিতে ‘খাওয়ানো’ বা ‘খাবার ভাগ করে নেওয়া’ হলো ভালোবাসার সবচেয়ে আদিম ও বিশুদ্ধ প্রকাশ বা বলতে পারেন এর বিকল্পও নেই। আমি এই গল্পে টিফিন বক্সকে কেবল মাধ্যম হিসেবে ব্যবহার করিনি; বরং এটি গল্পের নাগরিক জীবনকে এক স্বপ্নের জগতে নিয়ে যেতে সাহায্য করে। কারণ আমার উপলব্ধি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু ভালোবাসাই পারে মানুষের বেঁচে থাকার রসদ জোগাতে। জীবনের সব স্বাদ যখন তেতো হয়ে যায়, তখন কেবল ভালোবাসাই পারে তার ভারসাম্য ফিরিয়ে আনতে।’

আসছে ফাল্গুন ও ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ‘টিফিন বক্স’। তার আগে ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে স্বল্পদৈর্ঘ্যের কাহিনিচিত্রটি চরকিতে দেখা যাবে বলেও নির্মাতা জানান।

advertisement image

Leave Your Comments

Trending News