ফেঞ্চুগঞ্জে ভোটে আগ্রহ কম সাধারণ মানুষের

Date: 2026-02-11
news-banner

নির্বাচনের জমজমাট প্রচারণা শেষ হয়েছে। এবার প্রতীক্ষা আগামীকালের ভোটের। এর মাঝে সংগ্রহ করা তথ্য বলছে, ভোটে সাধারণ মানুষের আগ্রহ কম।

মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের নানামুখী আয়োজনের পরও ভোটকেন্দ্রে যাওয়ার ব্যাপারে তেমন আগ্রহী নন ফেঞ্চুগঞ্জের ভোটাররা। এ নিয়ে বেশ ভাবনায় আছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

স্থানীয়রা বলছেন, প্রার্থীরা সমমনা রাজনৈতিক দলের। এতে করে এবারের নির্বাচনও তেমন জমবে না। তাই অনেক ভোটার ভোট দিতে তেমন আগ্রহী না। মুখে অনেক কিছু বলা হলেও বিগত সময়ের মতো এবারও ‘আমরা আমরা’ ভোটতত্ত্ব তাদের অনাগ্রহের মূল কারণ।

ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামে ফেঞ্চুগঞ্জ ইটভাটায় কর্মরত ৩৫ জন শ্রমিক ভোট দেবেন না বলে সরাসরি জানিয়েছেন। তাদের দলনেতা ইয়াকুব আলী জানান, ছয়জন প্রার্থী বা তাদের সমর্থকরা এখনও পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে পারেননি। প্রচারের সবটাই দল ও কর্মীদের ঘিরে। সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগ নেই। কোনো প্রার্থীর সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় ভোটের দিন তারা কর্মক্ষেত্রে ব্যস্ত সময় পার করবেন। আওয়ামী লীগ সমর্থক কিনা, এ প্রশ্নের কোনো জবাব দেননি তারা।

উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের নারী ভোটার আছমা খাতুন জানান, বাড়ির পুরুষ ভোটাররা ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। তারা অনেকেই ভোট দিতে কেন্দ্রে যাবেন না। মহিলারা ভোটে গেলেই বা কি আর না গেলেই কি। ফরিদপুর গ্রামের বেলাল আহমদ জানান, ভোটের মাত্র একদিন বাকি থাকলেও এখনও পর্যন্ত কোনো প্রার্থীর দেখা পায়ননি তাঁর এলাকার মানুষ। তাহলে কাকে ভোট দেবেন, সেটা বুঝবেন কি করে। 

নুরপুরের চেরাগ আলী জানান, আগে নির্বাচন এলে ভোটাররাই ভোট দেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকতেন এখন সেই উৎসাহ আর নেই।

বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক জানান, সিলেট-৩ আসনের জনগণ এবার তাঁকে নিরাশ করবে না। অপর প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন রাজু জানান, এলাকার মানুষের জন্য কাজ করার লক্ষ্যে প্রার্থী হয়েছেন। নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে বলেই তিনি আশাবাদী।

সিলেট-৩ আসনে সহকারী রিটার্নিং অফিসার ও ফেঞ্চুগঞ্জের ইউএনও আজিজুন নাহার জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত যে পরিবেশ তা সন্তোষজনক।

ফেঞ্চুগঞ্জে মোট ভোটার ৯৩ হাজার ৩৫০ জন। এর মধ্যে ১ হাজার ৪৪০ জন পোস্টাল ব্যালটে ইতোমধ্যে ভোট দিয়েছেন।

advertisement image

Leave Your Comments

Trending News