কুমারখালীতে ১০২ ভোটকেন্দ্রের ৮৮টিই ঝুঁকিপূর্ণ

Date: 2026-02-19
news-banner

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতোমধ্যে কুষ্টিয়ার কুমারখালীর ১০২টি কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম। কিন্তু এই উপজেলায় ১০২টি কেন্দ্রের মধ্যে ৮৮টিই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন। তবে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ, আনসার মোতায়েনের পাশাপাশি স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এসব কেন্দ্রে যৌথবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আখতার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমারখালী ও খোকসা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া ৪ আসন। এখানে মোট ভোটার চার লাখ ২০ হাজার ৬৫ জন। তার মধ্যে কুমারখালীতে মোট ভোটার ২ লাখ ৯৯ হাজার ৭৭৮ জন। এখানে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৯৬৮ এবং নারী ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮০৫ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। তারা ১০২টি ভোট কেন্দ্রের ৫৯৮টি কক্ষে ভোট দেবেন।

এছাড়াও খোকসাতে মোট ভোটার ১ লাখ ২০ হাজার ২৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৭৯ এবং নারী ভোটার ৬০ হাজার ২০৮ জন। তারা ৫০টি কেন্দ্রের ২৪৩টি কক্ষে ভোট দেবেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুপুরে কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে সরেজমিন দেখা যায়, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিজিবিসহ সব কর্মকর্তা-কর্মচারী নির্বাচনীসামগ্রী সংগ্রহের কাজে ব্যস্ত রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আখতার বলেন, ১০২ কেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। পুলিশ, আনসারের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

দুপুরে পরিদর্শনকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ভোট জনগণের আমানত। শেষ মুহূর্ত পর্যন্ত তা যে কোনো মূল্যে রক্ষা করা হবে। জান দেওয়া হবে, তাও জনগণের আমানত নষ্ট হতে দেব না। আমি আত্মবিশ্বাসী, নির্বিঘ্নে মানুষ ভোট দেবে। যে কোনো মূল্যেই হোক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে।

advertisement image

Leave Your Comments

Trending News