খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

Date: 2026-01-01
news-banner

অসুস্থ মা খালেদা জিয়ার শয্যাপাশে গত শনিবার রাতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মোনাজাত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে মায়ের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নেই। স্বাস্থ্যের অনেক জটিলতা থাকায় বয়সের কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া যাচ্ছে না।   

১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরার পর মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে আবারও মাকে দেখতে যান তিনি। দুই ঘণ্টার বেশি সময় সেখানে 

অবস্থান করে মধ্যরাতে তিনি হাসপাতাল ছাড়েন। রোববার রাতেও মাকে দেখতে যান তারেক রহমান। রাত ১১টার দিকে হাসপাতালে পৌঁছান। মাকে দেখে এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নিয়ে রাত ১২টা ৯ মিনিটে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান।

রোববার সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, খালেদা জিয়াকে দেখতে শনিবার রাতে হাসপাতালে আসেন তারেক রহমান। সিসিইউর ভেতরে মায়ের কেবিনের সামনে প্রায় ২০ মিনিট একাই মোনাজাত করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ভেতরে কেউ প্রবেশ করেননি। সিসিইউ থেকে বেরিয়ে আরও ২০ থেকে ২৫ মিনিট চিকিৎসকের সঙ্গে বিস্তারিত আলাপ করেন তিনি।

এই চিকিৎসক বলেন, বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। খালেদা জিয়ার বয়স হয়েছে। এই বয়সে পুরোনো সব অসুখ সামনে এসেছে। কিছু রোগের যথাসময়ে চিকিৎসা পাননি তিনি। বয়সের কারণে এখন সব জটিলতা থেকে সেরে ওঠা কঠিন হচ্ছে। এই ভালো তো এই খারাপ হচ্ছে শারীরিক অবস্থা। 

এক মাসের বেশি সময় সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তাঁর মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক জানান, তাঁর শারীরিক অবস্থার আপাতত কোনো উন্নতি বা অবনতি হয়নি। প্রতিদিন নতুন করে পরীক্ষা-নিরীক্ষ করা হচ্ছে।

আরেক সদস্য ডা. জাফর ইকবাল বলেন, খালেদা জিয়া আগের মতোই আছেন। বলা যায়, ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন সর্বশেষ যে আপডেট জানিয়েছিলেন, এখনও তেমনই আছেন। আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। 

শনিবার রাতে মেডিকেল বোর্ডের সভা শেষে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেছিলেন, আগের মতোই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে। স্বাভাবিকভাবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে– এ কথা বলা যাবে না। তাঁর অবস্থা জটিল এবং অত্যন্ত একটা সংকটময় মুহূর্ত পার করছেন।

গত ২৩ নভেম্বর থেকে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার 
চিকিৎসা চলছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। 

Leave Your Comments

Trending News