প্রায় এক দশক ধরে চলা অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা শিথিল হওয়ার আশার মধ্যে আগামী ফেব্রুয়ারিতে হংকংয়ে একটি কে-পপ কনসার্ট অনুষ্ঠিত হবে এবং সেটি চীনের মূল ভূখণ্ডে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচার করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
গত মাসে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং দক্ষিণ কোরিয়া সফর করেন এবং দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে বৈঠক করেন। ১১ বছরের মধ্যে এটি ছিল শি চিনপিংয়ের প্রথম দক্ষিণ কোরিয়া সফর। ওই বৈঠকে দুই নেতা সাংস্কৃতিক বিনিময় নিয়েও আলোচনা করেন, যা দক্ষিণ কোরীয় সংস্কৃতির ওপর চীনের আরোপিত অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা জাগিয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দক্ষিণ কোরিয়ায় মোতায়েনের প্রতিবাদে ২০১৭ সালে চীন এই অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে কার্যত চীনা কর্তৃপক্ষ কোনো কে-পপ কনসার্ট বা কোরিয়ান টিভি অনুষ্ঠান অনুমোদন দেয়নি।
দক্ষিণ কোরিয়ার বিনোদন প্রতিষ্ঠান ফ্রম এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘ড্রিম কনসার্ট ২০২৬’ আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে। কনসার্টটির রেকর্ডিং চীনের রাষ্ট্রায়ত্ত হুনান টেলিভিশনে সম্প্রচার করা হবে।
ফ্রম এন্টারটেইনমেন্টের এক কর্মকর্তা মঙ্গলবার বলেন, ‘সাংস্কৃতিক বিনিময় বন্ধ হওয়ার পর এই প্রথম কোনো কে-পপ কনসার্ট মূল ভূখণ্ড চীনে সম্প্রচারিত হবে। বহু বছর পর প্রথম।’
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, তারা কোনো পরিকল্পিত কে-পপ কনসার্ট বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে অবগত নয়।
এরই মধ্যে দুই দেশ আগামী বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের চীন সফর নিয়েও সমন্বয় করছে বলে সোমবার ইয়োনহাপ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন জানিয়েছেন।
ফ্রম এন্টারটেইনমেন্ট কনসার্টে কোন কোন কে-পপ শিল্পী অংশ নেবেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।
তবে এ ঘোষণার পর মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার কে-পপ এজেন্সিগুলোর শেয়ারে বড় ধরনের উত্থান দেখা গেছে। হাইবের শেয়ার ৫ শতাংশ, এসএম এন্টারটেইনমেন্টের ৮ শতাংশ, জেওয়াইপি এন্টারটেইনমেন্টের ৩ শতাংশ এবং ওয়াইজি এন্টারটেইনমেন্টের শেয়ার ৪ শতাংশ বেড়েছে।
কোরিয়া এন্টারটেইনমেন্ট প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক কে-পপ আয়োজন ‘ড্রিম কনসার্ট’ চলতি বছর নভেম্বর মাসে আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছিল। এর আগে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছিল, মূল ভূখণ্ড চীন ও হংকংয়ে আয়োজনের পরিকল্পনা বাতিল করা হয়েছিল।
এ ছাড়া দক্ষিণ কোরিয়ার বিনোদন প্রতিষ্ঠান সিজে ইএনএম গত মাসে হংকংয়ে তাদের বার্ষিক মামা অ্যাওয়ার্ডস আয়োজন করেছে।