ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থী সাইফুল আলম নীরব।
সোমবার (২২ ডিসেম্বর) সাইফুল আলম নীরবের পক্ষে সহকারী রির্টানিং কর্মকর্তা আফরোজ ওয়াহিদার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য এল, রহমান, মোজাম্মেল হোসেন সেলিম, মনির আলম রাহিমী ও নুরুল হুদা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহবায়ক আইনুল হক চঞ্চল, হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম, শেরে বাংলা নগর থানা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু তেজগাঁও কলেজের সাবেক ভিপি আবু সুফিয়ান দুলাল, নাইমুর রহমান চৌধুরীসহ প্রমুখ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাইফুল আলম নীরব বলেন, আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর মনোনয়ন জমা দেব।
তিনি বলেন, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগের সময় কেটে যাচ্ছে। ধানের শীষের প্রার্থী হিসেবে ব্যাপক সাড়া পাচ্ছি। এলাকার সাধারণ মানুষ তাদের সমস্যা তুলে ধরছেন।
সেগুলো নোট করে রাখা হচ্ছে। আমি জয়ী হলে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাল্লাহ।
এ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন।